Advertise
১০ অগাস্ট, ২০২৬ ১২:১২
বিয়ানীবাজারে ১০০ বোতল ভারতীয় কফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে চেকপোস্ট বসিয়ে এক লাখ টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ (Eskuf Cough Syrup) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নিবিড় তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা গ্রামের জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় এসআই (নিরস্ত্র) হোসাইন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ মুজাম্মেল হকসহ পুলিশের একটি দল দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf Cough Syrup উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার কাচারিপাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে ইকবাল আহমদ (৩৫) এবং একই উপজেলার বাঙালীপাড়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে হানিফ আহমদ ওরফে জীবান (২৫)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।