Advertise
১৯ অগাস্ট, ২০২৬ ২২:২০
মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নিয়ে গা শিউরে ওঠা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পাঁচ সদস্যের কমিটিতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে আহ্বায়ক এবং চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট ও ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।
অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৯ আগস্ট) দৈনিক যুগান্তরে ‘ভয়ংকর গোপন কারাগার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।মুহূর্তেই প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের রহস্যময় সদর-অন্দরের অবিশ্বাস্য রকম নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর নড়েচড়ে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এরপর ঘটনার সুষ্ঠু তদন্তে আজই গঠন করা হয় কমিটি।
এই কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অভিযোগ বিষয়ে সত্যতা উদঘাটন ও কেন্দ্রগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা অনুসারে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
এছাড়া ভবিষ্যতে এরকম ঘটনা প্রতিরোধ এবং আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে।