আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ইং

Advertise

আন্তর্জাতিক

নিউজ ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৫

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব এড মিলিব্যান্ড জানান, নিষেধাজ্ঞার তালিকায় আছেন মিও হুতে হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সো ও কিয়াও স্বার ও। রায়ের পর লন্ডন মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করেছে।

রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়াররায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার শিকার মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ঘটে যাওয়া বহু নৃশংসতার জন্য সরাসরি দায়ী, কারণ ২০১৭ সালের গণহত্যার সময় তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন।


পররাষ্ট্রসচিব আরও বলেন, মিয়ানমারকে চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে, দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন নৃশংসতা যেন আর কখনও না ঘটে, তা ঠেকাতে হবে। আমরা মানবিক সহায়তা পৌঁছাতে অবিলম্বে লড়াই বিরতি, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপের আহ্বান জানাই।


তিনি নিশ্চিত করেছেন যে, দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ ঠেকাতে নতুন আইন পাস হবে। এমপিদের তিনি জানান, এ সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য বিষয়টি তুলবে।

এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, নতুন দফার প্রত্যাবাসনে ৬ হাজার ৫০০-র বেশি অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। সেপ্টেম্বরের শেষ দিকে দেশটি প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল।

আইসিজের রায়

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে রায় দেয়, ২০১৭ সালের নৃশংস অভিযানে মিয়ানমার রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হলো। সাত বছর আগে গাম্বিয়া মামলাটি করেছিল। ৯-৬ ভোটে দেওয়া এই রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিল করা যাবে না।

আইসিজে বলেছে, বাহিনী গণহত্যার অভিপ্রায়ে রোহিঙ্গাদের হত্যা করেছে। সেনারা রোহিঙ্গা নারীদের হত্যা ও ধর্ষণ করেছে এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। আদালতের মতে, উত্তর রাখাইনে ২০১৭ সালের অভিযানের অভিপ্রায় ছিল গোষ্ঠীটিকে ধ্বংস করা। আদালত আরও বলেছে, মিয়ানমার রোহিঙ্গা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। ২০১৭ সালের অভিযানে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন সহজ করতেও দেশটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করূন

আপনার মতামত