আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

মঞ্জুরে খোদা টরিক

২৪ নভেম্বর, ২০২৬ ২২:১৫

টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই জুতাপেটার হুমকি, প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা

প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক সচিব জনসভায় দাঁড়িয়ে বলছেন, টকশোতে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবেন, তাদের নাকি অনএয়ারে জুতাপেটা করা হবে!


এ কথা শুনে বিস্মিত ও হতবাক হয়েছি তা আর না বলি। হাদিময় সংস্কৃতিতে এ সব সুশীল শব্দের আবেদন অনেক আগেই ফুরিয়েছে। এখন গালিই প্রমিত ভাষা, আর জুতাপেটা তার অলংকার!


অনএয়ারে জুতাপেটা করা হবে কিনা জানি না। গুরুত্বপূর্ণ হলো, এই বক্তব্যের মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বললে শুধু বক্তা নন, তাঁকে যে মিডিয়া আমন্ত্রণ জানাবে, তারাও রেহাই পাবে না।


কারণ টকশোর অতিথিরা নিজেরা স্টুডিওতে গিয়ে হাজির হন না। তাঁদের আমন্ত্রণ জানানো হয়। কাকে ডাকা হবে, সেটি একটি মিডিয়ার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের ওপরও যদি রাজনৈতিক হুমকি আসে, তাহলে প্রশ্নটি আর আওয়ামী লীগকে নিয়ে থাকে না; প্রশ্নটি হয়ে দাঁড়ায়, গণমাধ্যমের স্বাধীনতা কোথায়?
প্রধানমন্ত্রী যখন সংসদে বলেন, আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ‘২৪-এর চেতনায়’ তাদের গুড়িয়ে দিতে হবে, তখন তার রাজনৈতিক তাৎপর্য বোঝা কঠিন নয়। ৫ আগস্টের পর দেখেছি দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও বুলডোজারের রাজনীতি।
রাজনীতির ভাষা যখন ‘পরাজিত করব’ থেকে ‘গুড়িয়ে দেবো’তে চলে যায়, তখন গণতন্ত্রের জায়গায় প্রতিহিংসা প্রতিষ্ঠা পায়।


এর মধ্যেই একটি টকশোতে শামীম হায়দার পাটোয়ারী, মঞ্জুরুল আলম পান্নাকে দেখলাম। তাঁদের বিপরীতে কয়েকজন আলোচক কিন্তু তা যেন আলোচনা নয়, একতরফা আক্রমণ ও অপমান!


আজ নিজেও একটি টকশোতে ছিলাম। অতিথি ছিলেন বিএনপি নেতা (ছাত্রলীগের সাবেক সভাপতি) হাবিবুর রহমান হাবীব, অধ্যাপক ড. জামিল ও আমি। আলোচনার শেষদিকে হাবীব ভাই ক্ষুব্ধ হয়ে সঞ্চালক রুপচাঁদ দাস রুপককে বললেন, তিনি আর অনুষ্ঠানে আসবেন না। কারণ আমি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। তাঁর বক্তব্য ছিল, আওয়ামী লীগের পক্ষে যায়, এমন কোনো কথা বলা যাবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল তাদের রাজনীতি করার অধিকার নেই।


এখানেই বিপদ।


কোনো দলকে ফ্যাসিস্ট বলতে পারেন। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও তুলতে পারেন। কিন্তু একজন মানুষ আপনার রাজনৈতিক অবস্থানের বাইরে কথা বললেই তার মুখ বন্ধ করে দেওয়ার অধিকার আপনাদের কে দিল?


আজ বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যায় এমন কথা বলা যাবে না। কাল বলা হবে অন্য দলের কথা, পরশু বলা হবে সরকারেরই সমালোচনা করা যাবে না।
তারপর দেখা যাবে, টকশো আছে, ক্যামেরা আছে, আলো আছে; শুধু মতপ্রকাশের স্বাধীনতাটাই নেই!


সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সাথে সামাজিক মবের সংস্কৃতিও তৈরি হচ্ছে। স্বাধীনচেতা লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নাম-ছবি দিয়ে পোস্টার করে, হুমকি, মব উসকে দেওয়া হচ্ছে।


শেখ হাসিনার অভিযোগ ছিল, বাক্‌স্বাধীনতা সংকুচিত করা, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যদি আজ ভিন্নমতকে জুতা দিয়ে চুপ করাতে চান, তাহলে প্রশ্ন উঠবেই, আমরা কি সত্যিই ফ্যাসিবাদকে উৎখাত করেছি, নাকি শুধু ফ্যাসিবাদীর চেয়ারটি পাল্টিয়েছি?


আগে যুবদল নেতা নয়নের কর্মকাণ্ডকে বাড়াবাড়ি মনে করেছি। এখন ক্ষমতাসীনদের অনেকের কথা শুনে মনে হচ্ছে, নয়ন সে তুলনায় কমই করেছে। কারণ মব রাস্তায় হলে ভয়ঙ্কর। কিন্তু মবের ভাষা যখন ক্ষমতার ভাষার সঙ্গে মিশে যায়, তখন সেটি ভয়ঙ্করতম।


ফ্যাসিবাদকে উৎখাত করা আর ফ্যাসিবাদী সংস্কৃতিকে উৎখাত করা এক কথা নয়।


শাসক বদলেছে, স্লোগান বদলেছে, কিন্তু যদি ভিন্নমতের প্রতি আচরণ একই থাকে, তাহলে আমাদের একটি নিষ্ঠুর সত্যকে মেনে নিতে হবে, ফ্যাসিবাদ শুধু একজন শাসকের নাম নয়, ফ্যাসিবাদ একটি রাজনৈতিক সংস্কৃতির নাম।


আর সেই সংস্কৃতি যদি আজও থাকে, যদি তার হাতে জুতা থাকে, মুখে হুমকি থাকে, সঙ্গে থাকে মব, তাহলে ৫ আগস্টে আমরা ফ্যাসিবাদকে বিদায় জানাইনি। আমরা শুধু তার পোশাক বদলিয়ে তাকে ভিন্ননামে ফিরিয়ে এনেছি।

শেয়ার করূন

আপনার মতামত