আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং

Advertise

সিলেট

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬ ২২:১০


সর্বশেষ আপডেট :
১৪ অক্টোবর, ২০২৬ ২২:১৪

সিলেটে দুদক -এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সমন্বিত প্রয়াস ও শপথ’

“দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে; এই সামাজিক ব্যাধিকে সমূলে উৎপাটন করতে হলে প্রয়োজন তৃণমূল থেকে সম্মিলিত সামাজিক জাগরণ ও ঐক্যবদ্ধ প্রতিরোধ”—এমনই বলিষ্ঠ প্রত্যয় ও অঙ্গীকারের মধ্য দিয়ে ১৩ অক্টুবর সিলেটে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা। 

সিলেট নগরীর বাগবাড়িস্থ সমাজসেবা কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। 

কর্মশালায় কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন এবং স্বাগত বক্তব্যে সভার সূচনা করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক জনাব সুবেল আহমেদ। তিনি তাঁর অধিবেশনে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ ক্ষেত্রে দুদক ও প্রশাসনের ভূমিকা’ শীর্ষক বিষয়ে বিশদ আলোকপাত করেন। তিনি বলেন, সমাজের সর্বত্র শুদ্ধাচার প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে তৃণমূলের প্রতিরোধ কমিটিকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। 

অনুষ্ঠানে ‘সততা স্টোর গঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা’ শীর্ষক অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় সিলেটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ এরশাদ মিঞা। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই নীতি-নৈতিকতা ও সততার বীজ বপনের গুরুত্ব তুলে ধরে বলেন, সততা স্টোরের ধারণাটি ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে এক অনন্য দৃষ্টান্ত। 

শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমে উজ্জীবিত করতে ‘সততা সংঘ গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য’ নিয়ে আলোচনা করেন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দিন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা সংঘের সক্রিয় কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এছাড়া ‘দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯’-এর কার্যকর প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক জনাব জুয়েল মজুমদার। সমগ্র কর্মশালার কোর্স সমন্বয়ক এবং উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন উপসহকারী পরিচালক জনাব মোঃ নিঝুম রায় প্রান্ত।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে তাঁর পরিচালনায় অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে তৃণমূলের বাস্তব চিত্র, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রাণবন্ত মতামত তুলে ধরেন অংশগ্রহণকারী নেতৃবৃন্দ:   সিলেট জেলা কমিটি: সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমদ দক্ষিণ সুরমা উপজেলা: সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বিশ্বনাথ উপজেলা: সহ-সভাপতি আবু জাফর মোঃ লুমান ও সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, বালাগঞ্জ উপজেলা: সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, ওসমানীনগর উপজেলা: সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা: সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী,

বিয়ানীবাজার উপজেলা: সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার, কানাইঘাট উপজেলা: সভাপতি মহি উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা: সভাপতি ইউসুফ কামাল, জকিগঞ্জ উপজেলা: সভাপতি সৈয়দ আছলাম হোসেন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, জৈন্তাপুর উপজেলা: সভাপতি রোহিন আহমদ ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা: সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা: সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও পারিবারিক মূল্যবোধের পুনর্জাগরণ। সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ ফলপ্রসূ কর্মশালার সমাপ্তি ঘটে।

শেয়ার করূন

আপনার মতামত