Advertise
২৩ অগাস্ট, ২০২৬ ০০:২২
কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ‘বিশেষ ব্যবস্থা’ আগামী ১ সেপ্টেম্বর থেকে আর থাকছে না। ফলে ওই তারিখের পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের প্রচলিত নিয়মই কার্যকর হবে।
শনিবার (২২ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার যে সুযোগ ছিল, তা আর থাকছে না। একইভাবে, কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির মেয়াদ সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধাও দেওয়া হয়েছিল। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় সুবিধাই বাতিল করা হবে।
এ বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। এর কারণে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করতে পারেননি। একইভাবে ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো দেশটিতে ফিরতে পারেননি।
এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করে কুয়েত সরকার। নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছিল।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।