Advertise
৩০ অগাস্ট, ২০২৬ ২৩:২৯
সিলেটের ছয়টি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে মোট ৬০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছে সরকার। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য বরাদ্দের আবেদন করলে সিলেটের অপর চারটি পৌরসভাও একই পরিমাণ উন্নয়ন বরাদ্দ পেয়েছে।
সম্প্রতি বিয়ানীবাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আলোচনার একপর্যায়ে বিয়ানীবাজার পৌরসভার জন্য ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়ার বিষয়টি জানান সংসদ সদস্য এমরান চৌধুরী।
তিনি বলেন, এ পৌরসভার সাধারণ মানুষের চলাচলের জন্য উপযুক্ত রাস্তা নেই। গর্ত ও খানাখন্দের কারণে গাড়ি নিয়ে চলাচলের ভোগান্তি তিনি নিজেও প্রত্যক্ষ করেছেন। ১০০ কোটি টাকার উন্নয়নকাজ সফলভাবে সম্পন্ন হলে এসব প্রতিবন্ধকতা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, পৌরসভার প্রত্যন্ত অঞ্চলের রাস্তার উন্নয়ন করা হবে এবং স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে রাতে নিরাপদে সড়কে চলাচলের ব্যবস্থা করা হবে।
২০০১ সালে বিয়ানীবাজার ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের কিছু অংশ যুক্ত করে বিয়ানীবাজার পৌরসভা গঠন করা হয়। ‘সি’ গ্রেডের এ পৌরসভা পরবর্তী সময়ে ‘এ’ গ্রেডে উন্নীত হলেও পৌরসভার নাগরিকরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।
সংসদ সদস্য এমরান চৌধুরী বলেন, বিগত সময়ে উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে না করায় পৌরসভাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য সরকারের কাছে ১০০ কোটি টাকা করে উন্নয়ন বরাদ্দের আবেদন করলে তা মঞ্জুর হয়।
তিনি বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ পৌরসভার পাশাপাশি সিলেটের আরও চারটি পৌরসভাও সমপরিমাণ উন্নয়ন বরাদ্দ পেয়েছে। এ বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করা হলে পৌরসভার উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টি জানানোর পর সভায় উপস্থিতরা সংসদ সদস্য এমরান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।