Advertise
২০ নভেম্বর, ২০২৬ ১৩:৩৬
অশান্তির এই বিশ্বে তিন পরাশক্তির নেতা- যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন আজ একই টেবিলে বসে বিশ্বশান্তি, পারমাণবিক ঝুঁকি হ্রাস ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন। শেনজেনে তাদের বৈঠকের পর প্রকাশিত হয়েছে ‘শান্তির ঘোষণা’। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইরান পরিস্থিতির মতো সংকটও বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
অথচ আমাদের বাংলাদেশের রাজনীতির দিকে তাকান!
এখানে নেতা থেকে পাতিনেতা- যে দলেরই হোন, শান্তির কথা বলার মানুষ যেন ক্রমেই কমে যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা নয়, নিশ্চিহ্ন করাই যেন লক্ষ্য। তাদেরকে উস্কানি দেওয়ার জন্য আছে দেশে থাকা টোকাই চেলা চামুন্ডা, বিদেশে পলাতক নেতা, ইউটিউবার।
দুই দিন পরপর সরকার ফেলে দেওয়ার হুমকি, বাড়িঘরে আগুন, ভাঙচুর, দখল, প্রতিশোধের রাজনীতি। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে- কিন্তু এসব নিয়ে কারও মাথাব্যথা নেই। যার যার মতো রাজনৈতিক ফায়দা লোটাই মুখ্য।
মনে রাখতে হবে, সরকার পরিবর্তন হতে পারে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে-যাবে, কিন্তু রাষ্ট্র সবার। এই কথা আমরা ২৪ সালেও ভুলে গেছি এখনও ভুলে আছি। আজ যে সম্পদে আগুন দেওয়া হচ্ছে, যে প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে, তার ক্ষতি বহন করতে হবে দেশের মানুষকেই।
রাজনীতি মানে প্রতিপক্ষকে ধ্বংস করা নয়, প্রতিযোগিতার মধ্যেও সহাবস্থান নিশ্চিত করা। গণতন্ত্র মানে শুধু ক্ষমতা পরিবর্তন নয়, ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক শক্তির শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা।
বিশ্বের পরাশক্তিরা যদি নিজেদের স্বার্থ ও মতপার্থক্য পাশে রেখে আলোচনার টেবিলে বসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা কেন পারবেন না?
ক্ষমতার চেয়ে রাষ্ট্র বড়, দলের চেয়ে দেশ বড়, প্রতিশোধের চেয়ে শান্তি বড়। এই সহজ সত্যটি আমাদের রাজনীতির মানুষগুলো যত দ্রুত বুঝবেন, দেশের ততই মঙ্গল।