Advertise
২৮ এপ্রিল, ২০২৬ ২২:৫৯
অব্যাহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওর (ইকরাছই হাওর)-এর বাঁধ ভেঙে পড়েছে। এতে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে এবং ফসল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর প্রবল পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মনাই নদীর পানির চাপ বাড়ায় হামিদপুর গ্রামের পাশের গ্রামীণ সড়ক ভেঙে গিয়ে হাওরে পানি ঢুকছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ওই হাওরে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে, যার মধ্যে প্রায় ৪০ হেক্টরের ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে পানি ঠেকাতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে বলে জানা গেছে। এটি বোরো ফসল রক্ষার বাঁধ নয়, তবে জলমহালের আশপাশে কিছু ধান থাকতে পারে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের একটি সড়ক। নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সড়কটি ভেঙে গেছে। ইকরাছই হাওরের অধিকাংশ জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে, তবে আনুমানিক ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
ইউএনও আরও জানান, স্থানীয় বাসিন্দারা ভাঙা অংশ মেরামতের চেষ্টা করছেন।