Advertise
২৬ অক্টোবর, ২০২৬ ২২:২৯
ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকের আগ্রহ তৈরি করে। এবার নতুন নাটক ‘ভালো আছো তো’ দিয়ে আবারও আলোচনায় এই জুটি।ইউটিউবে মুক্তির দুই দিনের মধ্যেই নাটকটি ১ কোটির বেশি ভিউ পেয়েছে।গত শুক্রবার ইউটিউব চ্যানেল সিএমভিতে মুক্তি পায় ‘ভালো আছো তো’। প্রচারের প্রথম ২৪ ঘণ্টায় নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। এরপর দুই দিনের মাথায় ভিউ ছাড়িয়ে যায় ১ কোটি।
নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।অপূর্ব ও নীহাকে নিয়ে এর আগেও একাধিক নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। তিন বছর আগে এই জুটির প্রথম নাটক ‘মনদুয়ারি’ নির্মাণ করেন তিনি। নাটকটি নীহার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর ‘মেঘবালিকা’ ও ‘মায়া পাখি’সহ তাদের অভিনীত নাটকগুলোও দর্শকের মধ্যে সাড়া ফেলে। ‘ভালো আছো তো’ এই জুটির চতুর্থ নাটক।নতুন নাটকটির গল্পে দেখা যায়, নবনীতা শিশুদের একটি স্কুলের শিক্ষক। একদিন স্কুল থেকে বের হওয়ার পর রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা পান করতে থাকা এক ব্যক্তির সঙ্গে তার চোখাচোখি হয়।
দুজনের আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ে। একপর্যায়ে মেয়েটি অন্য পথে চলে যেতে চাইলে ছেলেটি ‘নবনীতা’ বলে ডাকতে ডাকতে তার পিছু নেয়। এরপর নবনীতার গলা চেপে ধরার ঘটনায় নাটকটির গল্প নতুন মোড় নেয়। নবনীতা ও ওই ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা ও অপূর্ব।নতুন নাটক নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, শুরু থেকেই এই জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা ছিল তার।
সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিটি নাটকের গল্প ও উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি। দর্শক যেন প্রতিটি নাটককে আলাদা করে উপভোগ করতে পারেন, সে বিষয়েও সতর্ক ছিলেন।অপূর্ব–নীহার রসায়ন নিয়ে পরিচালক বলেন, দর্শকের পছন্দের বিষয়টি মাথায় রেখেই তিনি গল্প বলতে চান। তার মতে, সহজ-সরল গল্প সহজভাবে উপস্থাপন করতে পারলে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি হয়। এই জুটির পারস্পরিক রসায়নও তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ।এদিকে অপূর্ব ও নীহাকে নিয়ে জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত আরেকটি নাটক ‘দূরের মানুষ’ মুক্তির অপেক্ষায় রয়েছে।