Advertise
০৬ অগাস্ট, ২০২৬ ২৩:১৯
সর্বশেষ আপডেট :
০৬ অগাস্ট, ২০২৬ ২৩:২০
প্রতিমন্ত্রী শাহে আলমের কথায় একজন প্রাক্তন শিক্ষক হিসেবে মরে যেতে ইচ্ছে করছে। তিনি কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এতো মন্ত্রীর ভীড়ে তা মনেও থাকে না।তবে তিনি যে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ নন সেটি তো নিশ্চিত।
কেন তাঁর এই অশালীন লাগামহীন হুমকি ধামকি? কেন তাঁর এই অসংযত আচরণ? কেন এই ধরাকে সরা জ্ঞান করা? কেন আল ডিঙিয়ে এই ঘাস খাওয়া? অতি স্বাভাবিক সৌজন্য বোধ থাকলে তিনি কি এমন করে জনসমক্ষে এসব বাজে কথা বলতে পারতেন?
তিনি স্কুলে স্কুলে ফুটবল টিম গঠনের কথা বলেছেন। খুবই ভালো কথা। আমি এই বিষয়টি নিয়েই লড়াই করি। কেন স্কুলে খেলাধুলা থাকবে না?
কিন্তু তিনি আজ যা বললেন, তা শিক্ষকদের জন্য শুধু মান হানিকরই নয়, রীতিমতো কান ধরে ওঠবস করানো আর কি। তিনি প্রধান শিক্ষকদের গাঁটের পয়সা খরচ করে ফুটবল কিনতে বললেন। তা-ও কোনো বিষয় নয়। কিন্তু তখন তাঁর বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? ছিল গন্ড মুর্খের মতো। ছিল মাস্তানের মতো। তাঁর ভাষা ছিল এরকম।
" আমি জানি প্রধান শিক্ষকরা একটাকাও পকেট থেকে বের করতে চায় না। পকেটের টাকা দিয়ে একটা বল কিনে দিলে কী হয়? তা তো দেবেই না, বরং ফান্ডে যা থাকে সেগুলোই ভাউচার তৈরি করে নিজেদের পকেটে ভরে।" ধরণী দ্বিধা হও।মন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা কি এমন হতে পারে? কোনো অডিট ইনস্পেকশন ছাড়া ঢালাওভাবে কি এমন মন্তব্য করা যায়? এতো ভাউচারের খবর ওনার হাড়িতে? নিশ্চয়ই তিনি ভাউচার বিশেষজ্ঞ।
মাননীয় মন্ত্রী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা সেক্রেটারি মহোদয় তাঁর ডিপার্ট্মেন্টের কাজের জন্য কি গাঁটের পয়সা খরচ করেন? বাড়ি থেকে বাপ দাদার সম্পত্তি বিক্রি করে এনে মন্ত্রণালয় চালান? হেড মাস্টার সাহেবের গাঁটের পয়সা দিতে হবে কেন? ক্রীড়া ফান্ড আছে। ম্যানেজিং কমিটির সদাশয় সদস্যগণ আছেন। সবাই তো বিদ্যালয়ের সেবার জন্যই আছেন। অনেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে করেও থাকেন।
দ্বিতীয়ত, কোনো হেড মাস্টার স্কুলের টাকা মেরে আমেরিকা, লন্ডন বাড়ি করেছেন বলে শুনিনি। কিন্তু আপনার মন্ত্রী আমলা কুলের প্রায় সকলেরই সে কেলেঙ্কারি রয়েছে।
মাননীয় মন্ত্রী, একটু থামুন, একটু ধীরে চলুন। বাক্যটি উচ্চারণের আগে দু’সেকেণ্ড ভাবুন। কোনটি বলা উচিত আর কোনটি উচিত নয়। মন্ত্রী হয়েছেন বলেই আপনাকে হিসেব করে কথা বলতে হবে। অবশ্য আপনাকে বলেই বা লাভ কি। কেউই তো আর হিসেবের ধারে পাশে নেই। আরসি মজুমদারের সেই অমর বাণীটিই বলতে হয়, " ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।