আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

Advertise

মুক্তমত

আমিনুল ইসলাম

১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৩

সরকারি চাকরি থেকে রাজনীতি: দুর্নীতির গৌরবগাথা

জনাব স্পীকার,
তবুও এই চোরদেরকে বাংলাদেশ নামক জনপদে মেধাবী বলা হয় এবং সবাই "চোরই" হতে চায়। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন সরকারি চাকরি পায় কিংবা ক্যাডার হয়। তখন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের গ্রুপে, পেইজে গর্ব করে লিখে


- অমুক ব্যাচের তমুক বড় ভাই অমুক ক্যাডার পদ পেয়েছে।
পত্রিকাগুলো এদের ছবিসহ রিপোর্ট প্রকাশ করে- দিনে কয় ঘণ্টা পড়াশুনা করেছে। কত শত সেক্রিফাইস শুধু মাত্র এই "চোর" হবার জন্য।
অন্যরা এইসব রিপোর্ট পড়ে স্বপ্ন দেখে- কবে আমি এদের মত চোর হতে পারবো। এলাকার মানুষ এই "চোরদের" নিয়ে গর্ব করে। এরা এলাকায় গেলে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে করে নেয়।


আজ থেকে ১৫/১৬ বছর আগের কথা। তখনও আমার বয়স কম। ২৮/৩০ হবে হয়ত। মাত্রই সুইডেন থেকে মাস্টার্স শেষ করে ঢাকার নামকরা নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করেছি। আমি ঢাকার ছেলে। ঢাকাতেই জন্ম ও বড় হওয়া।
কখনো গ্রামে যাই নাই। এক সহকর্মীর সাথে উনাদের গ্রামে গেলাম। উনার বাবা আমাকে জিজ্ঞেস করেছে

- তুমি সরকারি চাকরি পাও নাই?


খুব অবাক হলাম! সরকারি চাকরি পেতে হবে কেন? জীবনে তো চিন্তাও করি নাই। এরপর ওই সন্ধ্যায় সেখানকার বাজারে গিয়েছি। বাজারের লোকজন কথা বলছে- এলাকার এক ছেলে বড় সচিব হয়েছে। এলাকার মানুষজনদের কাজ দেয়। সে অনেক পরোপকারী ইত্যাদি।


শুনে অবাক হলাম। ওই সচিব এলাকার মানুষদের কীভাবে কাজ দিচ্ছে? কোন আইনে কাজ দিচ্ছে? এটা যে একটা অপরাধ, সেটাই তো ওই এলাকার মানুষ বুঝতে পারছে না। তাঁর এলাকার মানুষ কাজ পাওয়া মানে, অন্য কোন এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে। সেখানে যোগ্যতা দেখা হচ্ছে না।
এভাবেই ৪০ হাজার টাকা বেতনের লোকটা এলাকার মসজিদ, মন্দির, স্কুল-মাদ্রাসা বানায়, সভাপতি হয়ে যায়। কীভাবে হয়? কীভাবে তাঁরা ৪০ হাজার টাকা বেতন পেয়ে সন্তানকে লাখ টাকা বেতনের ইংরেজি মাধ্যমে পড়ায়?


চোর বলে আপনি ভুল করেছেন জনাব। ডাকাত হবে। চোরেরা কিন্তু লুকিয়ে চুরি করে। ডাকাতরা চেহারা দেখিয়েই চুরি করে।
আর এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাবা-মায়েরাও চায় তাঁর সন্তান চোর কিংবা ডাকাত হোক। বিয়ের বাজারে চোর -ডাকাতের ভালোই মূল্য আছে।


সাথে রাজনীতিবিদদের যুক্ত করে দিলে আরও ভালো হতো জনাব। সরকারি কর্মকর্তারা তো তবুও পড়াশুনা করে , পরীক্ষা দিয়ে চোর হয়। রাজনীতি করলে ওটারও দরকার হয় না! দিন শেষে চোর-ডাকাতের মিলন মেলা!


যে দেশে সবাই প্রকাশ্য দিবালোকে চোর-ডাকাত হতে চাইছে। পত্রিকাগুলো ওই চোরদের নিয়ে রীতিমত প্রশংসামূলক রিপোর্ট প্রকাশ করছে। সেই দেশ আসলে কোন দেশ না জনাব। এটি একটি ভাগাড়।

শেয়ার করূন

আপনার মতামত